চার যাত্রী নিয়ে উড়বে ফ্লাইং ট্যাক্সি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:৫৩

আকাশপথে যাত্রী বহন করতে অ্যাপে ডিজিটাল পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবারের জন্য উড়ুক্কু ট্যাক্সি বানাচ্ছে হুন্দাই মোটরস। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২০ প্রযুক্তি প্রদর্শনীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে হুন্দাই। এ সময় ‘এসএ-ওয়ান’ নামের একটি চার আসনের উড়ুক্কু যানের মডেল সামনে আনে গাড়ি উত্পাদনকারী প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী উড়ুক্কু যানগুলো নির্মাণের দায়িত্ব হুন্দাইয়ের ওপর। অন্যদিকে আকাশপথ নির্ধারণ ও আকাশপথে রাইড ভাগাভাগির নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকসেবা দেওয়ার কাজটি করবে উবার। তবে উড়ুক্কু ট্যাক্সির উড্ডয়ন এবং অবতরণের জন্য বিশেষ অবকাঠামো নির্মাণে যৌথভাবে কাজ করবে দুটি প্রতিষ্ঠানই।

উবার এলিভেট প্রকল্পের প্রধান এরিক অ্যালিসন বলেন, ‘হুন্দাই হলো বৈশ্বিক পর্যায়ে গাড়ি উত্পাদনে অভিজ্ঞ আমাদের প্রথম অংশীদার।’ বর্তমানের অ্যারোস্পেস শিল্পে উবারের জন্য উচ্চ মানসম্পন্ন, নির্ভরযোগ্য উড়ুক্কু যান তৈরির ক্ষেত্রে হুন্দাই উপযুক্ত প্রতিষ্ঠান বলে জানান তিনি।

ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল গতিতে ছুটতে পারবে এই উড়ুক্কু ট্যাক্সি। মাটি থেকে প্রায় দুই হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাবে। টানা সর্বোচ্চ ৬০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারবে সম্পূর্ণ বৈদ্যুতিক এই ট্যাক্সি। তাদের দাবি, এর ব্যাটারি চার্জ হতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট। এতে হেলিকপ্টারের মতো বড় পাখার বদলে আকারে ছোট রোটর ব্যবহূত হবে। ট্যাক্সি পরিচালনায় একজন পাইলট থাকবেন বলে উবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 সূত্র: টেকক্রাঞ্চ