মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় শতবর্ষ প্রাচীন ঘোড়দৌড় প্রতিযোগিতা ও তিন দিনব্যাপী গ্রামীণ মেলা শুরু হয়েছে। রবিবার বিকালে শুরু হওয়া মেলা চলবে আজ মঙ্গলবার রাত পর্যন্ত। বালিদিয়া ইউপির বড়রিয়া গ্রামে এ বছর আয়োজিত হয়েছে ১০৪তম মেলা। আয়োজক সূত্রে জানা গেছে, ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত ৩৭টি ঘোড়া অংশ নেয়। গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছর এ মেলার আয়োজন হয়। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্ মেলা। মেলায় নানা ধরনের মিষ্টি, মাছ, মাটির সামগ্রী, শোপিস, বাঁশ ও বেতের সামগ্রীসহ বিভিন্ন পণ্য উঠেছে। প্রতি বছর লাখ মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
ঘোড়দৌড় আয়োজক কমিটির সদস্য খলিল সর্দার বলেন, তার বাপ-দাদারা এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছেন। এখন তারা দেখছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
