তবুও ‘সেরা’ নন আগুয়েরো!

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:২৭

স্পোর্টস ডেস্ক

অ্যাস্টন ভিলার বিপক্ষে হ্যাটট্রিক করে সার্জিও আগুয়েরো ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরও ম্যানচেস্টার সিটি কোচের চোখে সেরা নন।

আগুয়েরো এদিন আরো একটি রেকর্ড গড়েন। সেটি হলো অ্যালান শিয়েরারকে হটিয়ে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটিও নিজের করে নেওয়া। তার এমন নৈপুণ্যে ৬-১ ব্যবধানের বড়ো জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি। তবে এমন কীর্তির পরেও কোচ পেপ গার্দিওলা জানালেন, সাবেক শিষ্য লিওনেল মেসিই তার চোখে সেরা! আগুয়েরো তার চেয়ে কিছুটা পিছিয়েই থাকবেন!

গত রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে ১৮ আর ২৪ মিনিটে দুবার লক্ষ্যভেদ করে সিটির গোল উত্সবের শুরুটা করেছিলেন রিয়াদ মাহরেজ। শুরুর আধ ঘণ্টায় নিষ্প্রভ আগুয়েরো নিজের প্রথম গোলটা পান ২৮ মিনিটে। ১৭৫তম এই গোলের সুবাদে চলে আসেন সাবেক আর্সেনাল ফরোয়ার্ড থিয়েরি অঁরির পাশে।

এরপর ৫৭ মিনিটে আবারও লক্ষ্যভেদের সুবাদে ফরাসী ফরোয়ার্ডকে টপকে প্রিমিয়ার লিগে বিদেশি গোলদাতাদের তালিকার চূড়ায় উঠে যান সিটি ফরোয়ার্ড। ৮১ মিনিটে তৃতীয় গোলের দেখা পেলে তার পায়ে এসে লুটায় আরো একটি রেকর্ড। প্রিমিয়ার লিগের ১২তম হ্যাটট্রিকটি করে শিয়েরারকে সরিয়ে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটিও নিজের করে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গ্যাব্রিয়েল জেসাসও প্রথমার্ধের শেষ সময়ে একটি গোল করেছিলেন। ম্যাচের শেষ দিকে স্বাগতিক অ্যাস্টন ভিলা ব্যবধান কমালে ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। আগের দিন দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির হারের পর এই জয়ের ফলে তালিকার দুইয়ে উঠে এসেছে গার্দিওলার দল। 

গার্দিওলার ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় সিংহভাগ জুড়ে ছিলেন আগুয়েরোই। স্পানিশ এই কোচ আগুয়েরো প্রসঙ্গে  বলেন, ‘সে একজন কিংবদন্তি। তার রেকর্ড গড়ার দিনে সেখানে থাকতে পারাটা সম্মানের ব্যাপার। ইংলিশ ফুটবলের অবিশ্বাস্য ইতিহাসে তার মতো খেলোয়াড় খুব কমই এসেছে। সে এমন এক খেলোয়াড় যে প্রিমিয়ার লিগকে আরো ভালো করতে সাহায্য করে।’

এতো অর্জনের পরেও গার্দিওলার চোখে সেরার স্থানটা নিতে পারেননি আগুয়েরো। সাবেক ক্লাব বার্সেলোনার বর্তমান অধিনায়ক মেসিই তার মতে সেরা। তিনি বলেন, ‘মেসিই সেরা খেলোয়াড়। সে স্ট্রাইকার, উইঙ্গার, প্লেমেকার ও মিডফিল্ডার হিসেবে সেরা। কিন্তু তার পরেই আগুয়েরো থাকবে।’

রবিবার রাতের এই হ্যাটট্রিক আগুয়েরোকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সেরা পাঁচে নিয়ে এসেছে। আর একটি গোল করলেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে সরিয়ে উঠে আসবেন তালিকার চার নম্বরে। তখন তার সামনে থাকবেন কেবল অ্যান্ডি কোল (১৮৭ গোল), ওয়েইন রুনি (২০৮) আর অ্যালান শিয়েরার (২৬০)। সাম্প্রতিক ফর্ম যেভাবে কথা বলছে তাতে চলতি মৌসুমেই সিটি ফরোয়ার্ডের সেরা তিনে উঠে আসার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।