জোড়া গোল করেও মোনাকোর বিপক্ষে পিএসজিকে জেতাতে পারেননি নেইমার। লিগের পঞ্চম স্থানে থাকা দলটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তার দল। তৃতীয় মিনিটে মার্কো ভেরাত্তির বাড়ানো বল থেকে গোল করেন নেইমার। তবে এর চার মিনিট পরেই জেলসন মার্তিন্সের গোলে সমতা ফেরায় মোনাকো। ১৩ মিনিটে সফরকারী মোনাকোকে এগিয়েই দেন উইসাম বেন ইয়েদের। দশ মিনিট পর নেইমারের শট মোনাকো ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে পিএসজি। ৪২ মিনিটে আবারও নেইমারের জাদু। পেনাল্টি থেকে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ৭০ মিনিটে আবারও ম্যাচে সমতা ফেরায় মোনাকো। ইসলাম স্লিমানির প্রয়াসটিতে শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও পরবর্তীতে ভিএআর পরীক্ষায় টিকে যায় গোলটি। ফলে পয়েন্ট হারানো নিশ্চিত হয় শিরোপাধারী পিএসজির।
