‘জীবনসঙ্গী’ খুঁজছেন ধনকুবের নিয়ে যাবেন চন্দ্রভ্রমণে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:৩২

 বিবিসি

‘জীবনসঙ্গী’ চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন জাপানের এক ধনকুবের। তিনি তার এই সঙ্গিনীকে নিয়ে চাঁদে ভ্রমণে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। বিজ্ঞাপন দেওয়া সেই ব্যক্তির নাম ইয়ুসাকু মায়েজাওয়া।

জাপানের এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল তার। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকেই একাকিত্ব বোধ করছেন ৪৪ বছরের এই ধনকুবের। তিনি বলেছেন, ‘নিঃসঙ্গতা আমায় চেপে ধরেছে। কিন্তু যেভাবে এতদিন বেঁচে এসেছি সেভাবেই বাঁচতে চাই। আর এ কারণেই নতুন সঙ্গিনীকে খুঁজছি। তাকে নিয়েই আমি স্পেসএক্স রকেটে চড়ে চাঁদে যেতে চাই।’ বিজ্ঞাপনে তিনি ২০ বছর বা তার বেশি বয়সি অবিবাহিত নারীর কথা বলেছেন। আগ্রহীদের আবেদন করতে হবে ১৭ জানুয়ারির মধ্যে। আবেদনকারীদের সঙ্গে দেখা করে মার্চের মধ্যেই তিনি ঠিক করে ফেলবেন চাঁদে যাওয়ার সঙ্গিনী। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জীবনকে পুরোপুরি উপভোগ করার বাসনা থেকেই তিনি তার এই ইচ্ছার কথা জানিয়েছেন। আর সেরকম কাউকে পেয়ে গেলে তিনি তাকে নিয়ে চন্দ্রাভিযানে যাবেন। ইয়ুসাকু মায়েজাওয়া বলেন, এখন পর্যন্ত আমি যেভাবে জীবনযাপন করতে চেয়েছি, ঠিক সেভাবেই করছি। দাম্পত্য বিচ্ছেদের কারণে জীবনের মাঝপথে একাকিত্ব এবং শূন্যতা ঘিরে ফেলায় এখন আমার একজন সঙ্গিনী প্রয়োজন।’

২০২৩ সালে চন্দ্র ভ্রমণে যাওয়ার কথা রয়েছে তার। মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশে যাতায়াত সেবাদানকারী এলোন মাস্কের কোম্পানি স্পেসএক্সের প্রথম প্রাইভেট যাত্রী হিসেবে চন্দ্রভ্রমণে যাবেন জাপানি এই ধনকুবের। চন্দ্রভ্রমণে প্রায় অর্ধডজন শিল্পীকে সঙ্গে নেওয়ার পরিকল্পনা করেছেন ইয়ুসাকু মায়েজাওয়া। স্পেসএক্সের যানে চড়ে চন্দ্রভ্রমণে গেলেও চন্দ্রপৃষ্ঠে নামবেন না তারা।