ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মীরের চর একটি কৃষিভিত্তিক গ্রাম। গ্রামবাংলার লাঠিখেলায় পারদর্শী ঐতিহ্যবাহী এ গ্রামটি ফুলগাছা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এ গ্রামের মধ্য দিয়ে একটি কাঁচা রাস্তা রয়েছে। এ রাস্তার আবার তিনটি শাখা রাস্তা রয়েছে। এ রাস্তাটি পাঁচময়নার মসজিদ হতে মিরের চরের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর মোল্লার বাড়ি হয়ে হাটুভাঙ্গার মধ্য দিয়ে বান্দুকগ্রামে গিয়ে মিশেছে।
গত জাতীয় নির্বাচনে বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান জনসেবায় বলেছিলেন যদি নির্বাচনে তাদের দল বিজয়ী হয় তাহলে এ রাস্তা অতি শীঘ্রই নির্মিত হবে। কিন্তু এখন পর্যন্ত এ রাস্তা পাকা হওয়ার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বর্ষার সময় এই গ্রাম ও আশেপাশের ৬-৭টি গ্রামের মানুষদের এই রাস্তা দিয়ে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়ে। এই রাস্তা এবং শাখা রাস্তাগুলো দিয়ে মোট যদি ৬ কি.মি. রাস্তা পাকা করা হয় তাহলে অনেকগুলো গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মিরের চরের রাস্তা পাকা করার জন্য বিশেষ দাবি করছি।
মো. আতাউর রহমান (সুজন)
মীরের চর, বোয়ালমারী, ফরিদপুর
