শিবালয়ে ‘মেগা ফিড’ কারখানায় আগুনে বিপুল ক্ষতি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:০৮

শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংযোগ রাস্তার কাছে অবস্থিত মাছ-মুরগির খাদ্য প্রস্তুতকারী ‘মেগা ফিড’ নামে কারখানায় শোচনীয় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিপুল টাকার কাঁচামাল ও কারখানার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখার ছবি তুলতে গিয়ে ইত্তেফাকের শিবালয় সংবাদদাতা বাবুল আকতার মঞ্জুর মুখোমণ্ডলে আঘাত পান। 

সহকারী ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আসলাম হোসেন ইত্তেফাককে জানান, কারখানার ১ নম্বর গুদামের পশ্চিম দিকের শেডে আগুনের সূত্রপাত হয়। এতে, পলিথিনের বস্তা ও তৈরিকৃত মাছের খাদ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, আগুন লাগার কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। কারখানার নিজস্ব ব্যবস্থাপনা ও শিবালয়, ঘিওর, মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সেয়া ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান, ইউএনও ফিরোজ মাহমুদসহ বিভিন্ন কর্মকর্তা, দলীয় নের্তৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছান।