দামুড়হুদায় ৩০ কেজি স্বর্ণসহ একজন আটক

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২১:১০

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি বিজিবির টহল দল শুক্রবার দুপুরের পর দামুড়হুদার সীমান্তবর্তী গ্রাম মদনা পার-কৃষ্ণপুর সড়ক থেকে মোটরসাইকেলে রাখা ব্যাগে ৩০ কেজি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তি জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের আনারুল ইসলাম (৪২)।

বিজিবির সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে দুপুরের পর ঐ পথে স্বর্ণের একটি বড় চালান সীমান্তের ওপারে নেওয়া হবে। সে মোতাবেক বিজিবি ওত পেতে থাকা অবস্থায় একটি মোটরসাইকেলযোগে জনৈক ব্যক্তি আসে এবং বিজিবি দেখে পালানোর চেষ্টা করলে আমরা তাকে ধরে চুয়াডাঙ্গা বিজিবির হেডকোয়ার্টারে নিয়ে যাই। সেখানে সকলের উপস্থিতিতে আটক  ব্যক্তির মোটরসাইকেলে রাখা ব্যাগ তল্লাশি করে ৩০ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিজিবি পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, আটক ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে ও স্বর্ণগুলো ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।