চিলমারীতে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু  

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২০:০৫

কুড়িগ্রামের চিলমারীতে সাইফুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ইউপি সদস্য উপজেলার রমনা মডেল ইউনিয়নের নয়াবালাজান গ্রামের মৃত ওমির উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। 

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে নিয়ে তার স্ত্রী ও এলাকার এক যুবক বেলা ৩টা ১০ মিনিটের দিকে চিলমারী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত অবস্থায় দেখতে পায় এবং গলায় কাটা চিহ্ন লক্ষ্য করে পুলিশকে খবর দেয়। 

আরও পড়ুন: বুর্জ খলিফার মাথায় পড়লো বাজ

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আসিফ জাহান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে। তবে তার গলায় কাটা চিহ্ন থাকায় বিষয়টি রহস্যজনক বলে মনে হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।’ তবে তিনি মৃত্যুর কারণ নিশ্চিত করেননি।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থান পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা যাবে। উক্ত ইউপি সদস্যের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে নানা গুঞ্জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল থেকে লাশ চিলমারী মডেল থানায় নেওয়া হয়। 

ইত্তেফাক/এএএম