কুমিল্লায় পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার দুই

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩০

কুমিল্লা প্রতিনিধি

পুলিশের ডিআইজি, এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েক জন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঢাকার খিলগাঁও এলাকার বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী ও গাড়িচালক রুবেলকে আটক করা হয়।

ফখরুদ্দিন কুমিল্লার লাকসাম উপজেলার হরিচর ইউনিয়নের বাকুই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। মঙ্গলবার কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।  পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক ফখরুদ্দিন জানিয়েছে, সে ১৯৯১ সালে পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) পদে যোগদান করে। শিক্ষানবিশ অবস্থায় ১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণের অপরাধে চাকরি হারায়। এরপর ২০০০ সালে সে ঢাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে তত্কালীন ডিএমপি ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে সাত মাস জেলহাজতে ছিল। পরে কারাগার থেকে বের হয়ে সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নানা পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ইতিপূর্বে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নকল স্বাক্ষরিত চিঠি দেখিয়ে এক প্রার্থীর বাবার কাছ থেকে ফখরুদ্দিন ১১ লাখ টাকা হাতিয়ে নেয়। তার প্রতারণার শিকার হয়েছেন পুলিশে কনস্টেবল পদে চাকরি প্রার্থী রেজাউল করিম ও মো. আনোয়ারুল ইসলামসহ একাধিক ব্যক্তি। এ পর্যন্ত অন্তত ১১ জন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ করেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, আটক ফখরুদ্দিনের ঢাকার খিলগাঁওয়ের আবাসিক এলাকার বাসা থেকে তার ব্যবহূত একটি প্রাইভেটকার এবং বাসায় তল্লাশি চালিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক পরিহিত ছবি, ভুয়া সিল, অফিসিয়াল নানা ডকুমেন্ট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।