নরসিংদীতে শিশু ধর্ষণ ধর্ষক গ্রেফতার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৪৮

 নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক আলামিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলামিন পলাশ উপজেলার মাঝেরচরের মৃত আবুল হোসেনের ছেলে। গত সোমবার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দুজ্জামান জানান, রবিবার শিশুটি বাড়ির পার্শ্ববর্তী চিনিশপুর কালীর বাজারে পিঠা কিনতে যায়। পিঠা কিনে ফেরার পথে বাজারের কলা ব্যবসায়ী আলআমিন ঐ ছাত্রীকে মুখ চেপে ধরে কলাক্ষেতে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে। এসময় শিশুটির চিত্কারে সেখানে ফেলে রেখে ধর্ষণকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ঐ ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ অভিযান চালিয়ে পলাশ উপজেলার মাঝেরচর নিজবাড়ি থেকে আলামিনকে সোমবার গ্রেফতার করে। এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।