বাংলাদেশের চলমান উন্নয়ন ধারায় অর্থনৈতিক প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বৈচিত্র্যময় রপ্তানির। এ বিষয়ে জাতীয় পর্যায়ে বেশকিছু কৌশলপত্র প্রণয়নসহ অনেকসংখ্যক সম্ভাবনাময় খাত নিয়েও আলোচনা হয়েছে। এ প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্য নিয়ে একটি সমীক্ষা করে রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক এবং প্রকৌশল দ্রব্য এ তিনটি খাতকে শনাক্ত করেছে। এছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের সুপারিশও করা হয়েছে। গত সোমবার সমীক্ষা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানা গেছে।
গুলশানের একটি হোটেলে ‘বিল্ডিং কম্পিটিটিভ সেক্টরস ফর এক্সপোর্ট ডাইভারসিফিকেশন : অপারচুনিটিজ অ্যান্ড পলিসি প্রায়োরিটিজ ফর বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। আইএফসির সঙ্গে যৌথভাবে প্রকাশনা অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, আইএফসির কান্ট্রি ম্যানেজার উইন্ডি ওয়ার্নার। প্রকাশিত প্রতিবেদনটির ওপর উপস্থাপনা পেশ করেন আইএফসির সিনিয়র ইকোনমিস্ট ড. এম মাশরুর রিয়াজ, প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি।
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, চামড়া ও চামড়াজাত পণ্য সংশ্লিষ্ট মালিক সংগঠন এলএফএমইএবির সভাপতি সায়ফুল ইসলাম। প্লাস্টিক খাতের শিল্প মালিক সংগঠন বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন, পিআরআইর গবেষণা পরিচালক ড. আব্দুর রাজ্জাক। এছাড়া বক্তব্য রাখেন ডিএফআইডির সিনিয়র প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অ্যাডভাইজর মহেশ মিশরা এবং পিআইআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার।
প্রতিবেদনের সারাংশে বলা হয়েছে, তিনটি খাতকে শনাক্ত করা হয়েছে আরো গভীর বিশেষণের জন্য। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এগুলো নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। প্রতিবেদনে চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক এবং প্রকৌশল দ্রব্য—এই তিন খাতের সক্ষমতা ও বিকাশের অন্তরায়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ড. মসিউর রহমান বলেন, সরকার রপ্তানি বৈচিত্র্যে গুরুত্ব দিচ্ছে এবং আমি আশাবাদী যে এই প্রতিবেদনটি রপ্তানিনির্ভর প্রবৃদ্ধি অর্জনে নীতিনির্ধারণে সরকারকে সহযোগিতা দেবে। দুইটি পণ্যের নগদ প্রণোদনা পর্যালোচনা করা হবে বলে মত প্রকাশ করে তিনি বলেন, গোলপাতা এবং ইট রপ্তানিকারকরা উচ্চ হারে নগদ সহায়তা পাচ্ছে, যা সুন্দরবন ও কৃষি জমি ধ্বংস করছে।
প্রতিবেদনে রপ্তানিতে বৈচিত্র্য অগ্রাধিকার ভিত্তিতে তিনটি খাত শনাক্তের পাশাপাশি এ প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিকূলতা কাটিয়ে উঠতে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদে কর্মপরিকল্পনা সুপারিশ করা হয়েছে। স্বল্পমেয়াদি বা ছয় থেকে বারো মাসভিত্তিক কর্মপরিকল্পনার মধ্যে আছে সম্ভাবনাময় সর্বোচ্চ পাঁচটি খাত শনাক্ত করা, রপ্তানি উন্নয়ন তহবিলের কার্যকারিতা যাচাই সাপেক্ষে অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করা, কাঁচামাল ও প্রযুক্তির প্রাপ্যতা নিশ্চিত করা ও কর ব্যবস্থা সহজীকরণ। মধ্যমেয়াদি বা এক থেকে দুই বছর মেয়াদি কর্মপরিকল্পনার মধ্যে আছে কমপায়েন্স নিশ্চিত করা ও অর্থায়ন ব্যবস্থা। দীর্ঘ বা দুই থেকে তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার মধ্যে আছে ট্রেড লজিস্টিকস উন্নয়ন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ অন্যান্য কমপায়েন্স নিশ্চিত করা।
