‘রেলের দুর্নীতি বন্ধে সুশাসন দরকার’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রেলের অনিয়ম, দুর্নীতি ও কালোবাজারে টিকিট কেনাবেচা বন্ধে সুশাসন দরকার। সুশাসন প্রতিষ্ঠা হলে রেলে সব ধরনের অনিয়ম বন্ধ হবে। গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের অনুপস্থিতিতে তার পক্ষে বিএনপির সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানার একটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী একথা বলেন।

নিজের গাড়িচালকের দেওয়া তথ্য উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না। কিন্তু পরে দেখা যাচ্ছে ট্রেনে সিট খালি থাকছে। রেলওয়ের অব্যবহূত ভূমি খাস খতিয়ানে এনে তা ভূমিহীনদের মাঝে বরাদ্দ দিতে বিএনপির এমপি হারুনুর রশীদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এটি একটি সুন্দর প্রস্তাব। আমি নিজেও এ বিষয়টি ভেবেছি। আমি এটা মন্ত্রিসভায় তুলব। এসময় বিএনপির এই এমপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, আপনারা ২০১৪ সালের নির্বাচন বর্জন করলেন। এবারও নির্বাচনের পর সংসদে আসা নিয়ে অনেক কিছু দেখলাম। আপনারা সংসদে এসে এ ধরনের ভালো প্রস্তাব দিলে জাতিও উপকৃত হতো, আপনাদেরও জনপ্রিয়তা বাড়ত।

মোজাফ্ফর হোসেনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, ১৯৭২ সালে রেলওয়ের ভূমি ছিল ৬০ হাজার ৪০৫ দশমিক ৮৫ একর। বর্তমানে ভূমির পরিমাণ ৬১ হাজার ৮২০ দশমিক ৩৫ একর। এরমধ্যে ৫৮ হাজার ৬০ দশমিক ৫৭ একর ভূমি রেলওয়ের দখলে রয়েছে। ভূমি লিজ দিয়ে ২০১৮-১৯ অর্থবছরে ৪৫৯ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৪৯০ টাকা আয় হয়েছে। বিভিন্ন সংস্থা ও লিজ গ্রহণকারীর কাছে রেলের বকেয়া ১২৪ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ১৯৬ টাকা।

সংরক্ষিত আসনের সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৯ সালে রেলে ৪৫টি দুর্ঘটনা ঘটেছে, এতে ২১ জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছে। সংরক্ষিত আসনের শামসুন নাহারের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১ হাজার ৪৮টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৯ জন নিহত এবং ৪৩৩ জন আহত হয়েছে।

১০ বছরে কাঁচা পাট রপ্তানি অর্ধেকে

এদিকে, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর অনুপস্থিতিতে তার পক্ষে দেওয়া এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংসদকে জানান, গত ১০ বছরে কাঁচা পাট রপ্তানি কমে অর্ধেকে নেমেছে। ২০০৮-০৯ অর্থবছরে ১৭ লাখ ৫০ হাজার বেল কাঁচা পাট রপ্তানি হয়। ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানির পরিমাণ ৮ লাখ ২৫ হাজার বেল। সেই হিসাবে রপ্তানির পরিমাণ কমেছে ৯ লাখ ২৫ হাজার বেল। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ জুটমিল করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রিত পাটকলগুলোর ৬৭৫ কোটি টাকার পাটপণ্য অবিক্রিত রয়েছে।