ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার সহোদর এনামুল ও রূপন রিমান্ডে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০০:২৭

ক্যাসিনোকাণ্ডে জড়িত আলোচিত দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রূপনকে পৃথক দুই মামলায় চার দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন বিচারক রাজেশ চৌধুরী। একই সঙ্গে গেন্ডারিয়া থানার মামলায় তাদের সহযোগী সানি মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত।

পুলিশ ও আদালত সূত্র জানায়, সূত্রাপুর থানার মানি লন্ডারিং মামলায় তদন্ত কর্মকর্তা রুপনকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে গতকাল আদালতে হাজির করেন। অন্যদিকে গেন্ডারিয়া থানার মানি লন্ডারিং মামলায় এনামুল হক ও তার সহযোগী সানি মোস্তাফার ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে সিআইডি পুলিশ। উভয় মামলার শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর আলোচিত সহোদর এনামুল ও রূপনকে গত সোমবার গ্রেফতার করে সিআইডি।