বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তাদের সিটি করপোরেশনের নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের নির্বাচনে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি। কে গাড়ির অনুমোদন নেওয়ার জন্য ফাইল বদল নিয়ে মন্ত্রীর কাছে গেছেন, কারা নিজের স্কুল পারমিশন নেওয়ার জন্য সরকারি জমি নিয়েছেন—এসব খবর আমাদের কাছে আছে।
গতকাল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল’ এর উদ্যোগে বিগত আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীসহ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হাতে গুম, হত্যা, পঙ্গু হওয়া নেতাকর্মীর পরিবারের সদস্যদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন। অনুষ্ঠানে গুম হওয়া ১০ পরিবারের সদস্যদের হাতে শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদান দেওয়া হয়।
ইভিএমের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, আমরা এর বিরোধিতা করেছি। আমরা বলেছি যে, ইভিএম দিয়ে কখনোই মানুষের রায় প্রতিফলন হবে না। আমরা এখনো সিটি করপোরেশন নির্বাচনের বিরোধিতা করছি।
ফখরুল বলেন, চট্টগ্রামে উপনির্বাচন হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতেই দেয়নি। তার আগে বোমা মেরে লাঠিসোঁটা দিয়ে ভোটারদের তাড়িয়ে দেওয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, মামুন হাসান, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, হেল্প সেলের নাসির উদ্দিন শাওন প্রমুখ বক্তব্য রাখেন।
