সিটি করপোরেশন মেয়র নির্বাচনে ঢাকা উত্তর ১৪ দলের সমন্বয়ক এবং জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ভোট যুদ্ধের আগেই আত্মসমর্পণ করেছে বলেই প্রতিয়মান হচ্ছে। নির্বাচন সুষ্ঠু হবে না এবং ‘ইভিএম’ ভোট কারচুপির যন্ত্র ইত্যাদি অভিযোগ তোলেন, প্রকৃতপক্ষে নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত বলেই তারা এ ধরনের বক্তব্য উপস্থাপন করছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে, নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং সব প্রার্থীর জন্যই সমান সুযোগ রয়েছে।
গতকাল সকাল ১১টায় মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলামের সমর্থনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মহাজোট ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সঙ্গে মতবিনিময়কালে শেখ শহীদ উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, ৭১’র পরাজিত শক্তি, সাম্প্রদায়িক ও সন্ত্রাসী রাজনীতি দল অবশ্যই আমাদের পরাজিত করতে হবে। কারণ তাদের পূর্বেকার বিবেচ্যতা, নির্মমতা আমরা ভুলে যাইনি।
বাংলাদেশ মুক্তিযুদ্ধা মহাজোটের মহাসচিব সালাউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এইচ এম হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক ও শাহ্ নেওয়াজ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে জেপির সাধারণ সম্পাদক মতবিনিময় করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসস) আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি
