গত বছরটা খুব ভালো যায়নি বলিউডের সংগীত তারকা নেহা কক্করের। প্রেম-বিচ্ছেদ তার ক্যারিয়ারে এমন প্রভাব ফেলেছিল যে সেখান থেকে বের হতে অনেকটা সময় লেগেছে। তবে এখন সবকিছুই স্বাভাবিক। আর নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছেন তিনি। ভালোবাসা দিবসের দিন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়বেন নেহা। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’-এ এসেছিলেন গায়ক উদিত
নারায়ণ ও দীপা নারায়ণ। সেখানেই উদিত নারায়ণ বলেন, ‘‘ইন্ডিয়ান আইডল’ তার কাছে স্পেশাল। কারণ, তার পুত্রবধূ এই শোয়ের বিচারকের আসনে রয়েছেন।’ শুধু উদিত নয়, তার স্ত্রী দীপা নারায়ণেরও পূত্রবধূ হিসেবে নেহাকে মেনে নিতে আপত্তি নেই। আপত্তি নেই নেহার বাবা-মায়েরও। তারাও ‘ইন্ডিয়ান আইডল’-এ এসে বলেছেন আদিত্য নারায়ণকে জামাই হিসেবে মেনে নিতে তাদেরও কোনো আপত্তি নেই। দুই পরিবার রাজি। এমনকী, নেহার বাবা ও উদিত নারায়ণ একে অপরকে জড়িয়েও ধরেন। তখনই ঘোষাণা করা হয় আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডেতেই বিয়ে হবে নেহা ও আদিত্যর।
ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন নেহা।
তবে অনেকেই বিষয়টি নেহার হুট করে নেওয়া সিদ্ধান্ত বলে দাবি করেছেন। তাদের মতে, প্রেম-বিচ্ছেদের পর পেছনের সব ভুলতেই তিনি দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে নেহা বলেছেন, ‘বিয়ের পরিকল্পনা আমার কয়েক বছর থেকেই ছিল। মাঝখানে প্রেম-বিচ্ছেদ জীবনের একটি দুর্ঘটনা। এখন বিয়ের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করতে চাই। আর হুট করে বিয়ের সিদ্ধান্ত নিইনি।’
