কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পক্ষে সাফাই ভারতীয় সেনাপ্রধানের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২০:৫৭

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে। তার মতে, এর ফলে প্রতিবেশী দেশগুলোর ছায়াযুদ্ধের খেলা ভেস্তে গিয়েছে। উপত্যকাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করে তোলার পথেও এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার দিল্লিতে ৭২তম সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন নরবণে। সেখানে তিনি বলেন,  ‘৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ঐতিহাসিক পদক্ষেপ। এতে পশ্চিমের প্রতিবেশী দেশগুলোর ছায়াযুদ্ধের খেলা ভেস্তে গিয়েছে। এই পদক্ষেপ জম্মু-কাশ্মীরকে ভারতের অখণ্ড অংশ করে তুলতে সাহায্য করবে।’ এর আগেও কাশ্মীর নিয়ে মুখ খুলেছিলেন সেনাপ্রধান। জানিয়েছিলেন, ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে হিংসাত্মক ঘটনা কমে এসেছে, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিন সন্ত্রাসের বিরুদ্ধেও কড়া বার্তা দেন নরবণে। তিনি বলেন, ‘কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসের সঙ্গে আপস করবে না ভারতীয় বাহিনী। যে বা যারা সন্ত্রাসে মদত জোগায়, তাদের প্রতিহত করার অনেক উপায় রয়েছে আমাদের হাতে। সময় মতো তা প্রয়োগ করতেও পিছপা হব না আমরা।’ গতমাসেই সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন নরবণে। সন্ত্রাস নিয়ে সে সময়ই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন, সন্ত্রাসের উত্সস্থলে যে কোনো সময় আঘাত হানার অধিকার ভারতের রয়েছে।