মেসির স্মৃতিতে রোনালদো-দ্বৈরথ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:০২

ফুটবল বিশ্বে এমন দ্বৈরথ আগে কখনো দেখা যায়নি বললেই চলে। লা লিগায় গেল ২০১৮ সাল অবধি তাদের লড়াইটা এতটাই জমজমাট ছিল যে, তা রীতিমতো চলে গেছে ইতিহাসের পাতায়। আর এই দ্বৈরথের অন্যতম কুশীলব লিওনেল মেসি মনে করেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার দ্বৈরথ চিরকালই সমর্থকরা মনে রাখবে।

মেসি ও রোনালদো লম্বা সময় ফুটবল মাঠে লড়েছেন সমান তালে। ২০০৯ থেকে ২০১৮ সাল অবধি এই দুজন ছিলেন আক্রমণভাগের অগ্রনায়ক। শেষ ১২টি ব্যালন ডি’অরের মধ্যে একটি বাদে বাকি সবগুলোই জিতেছেন হয় মেসি বা রোনালদো।

লা লিগা ছেড়ে রোনালদো এখন সিরি ‘এ’র ক্লাব জুভেন্তাসে চলে গেলেও মেসি মনে করেন, দুজনের এই প্রতিদ্বন্দ্বীতাটা আজীবন টিকে থাকবে ইতিহাসের পাতায়। তিনি বলেন, ‘এটা ছিল বিশেষ একটা দ্বৈরথ। মানুষ আজীবন এর কথা মনে রাখবে। কারণ, এটা লম্বা সময় ধরে টিকে ছিল। এত লম্বা সময় ধরে এমন ধারাবাহিকতা ধরে রাখা শক্ত। আর যে দুটো দলে আমরা খেলেছি, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—দুটো দলেই প্রত্যাশার কোনো শেষ নেই। দুটো বিশ্বসেরা দলের চাপ মেটাতে পারা সহজ কাজ নয়। আমার কাছে ব্যক্তিগতভাবে লড়াইটা খুবই উপভোগ্য ছিল। আমি বিশ্বাস করি, সমর্থকরাও সেটা খুব উপভোগ করতেন। কেবল বার্সেলোনা বা মাদ্রিদের সমর্থকরাই নন, একজন ফুটবল ভক্ত হিসেবেও এই দ্বৈরথের কথা সবাই মনে রাখবেন।’

চার বছরের ক্ষরা কাটিয়ে লিওনেল মেসি ২০১৯ সালে এসে নিজের ষষ্ঠ ব্যালন ডি’অর জয় করেন। এখন তিনি এই অর্জনে রোনালদোর চেয়ে একধাপ এগিয়ে। কারণ, রোনালদো জিতেছেন পাঁচবার।

যে সময় দু’জন এক সাথে লা লিগায় খেলেছেন, সেই সময় মেসি ৪৭৬ ম্যাচে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় করেন ৪৭২ গোল। অন্যদিকে একই সময়ে রিয়ালের হয়ে রোনালদো ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। মানে, বোঝাই যাচ্ছে দুজন কতটা নিজেদের মধ্যে পাল্লা দিয়েছেন।

মেসি মনে করেন, পর্তুগিজ এই সুপার স্টার থাকার কারণেই এল ক্লাসিকোর ম্যাচগুলো তাঁর কাছে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হতো। তিনি বলেন, ‘যখন ক্রিশ্চিয়ানো, রিয়াল মাদ্রিদে ছিল, তখন ওদের বিপক্ষে ম্যাচগুলো আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। রিয়ালের বিপক্ষে ম্যাচ বরাবরই আমাদের জন্য অনেক বড় ব্যাপার, তবে সেখানে রোনালদোর উপস্থিতি তাতে আরো বেশি উদ্দীপনা এনে দিতো। তবে, সেই সময় চলে গেছে। এখন আমাদের ভবিষ্যতের দিকে তাকাতেই হবে।’