বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

বঙ্গবন্ধুতে অদেখা দর্শন আজ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:০৩

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে এশিয়া এবং আফ্রিকান ফুটবলের লড়াই হচ্ছে। এশিয়া দেশগুলোকে দেখা আছে বাংলার ফুটবল দর্শকদের। অদেখা রয়ে গেছে এই টুর্নামেন্টে আসা আফ্রিকান দেশ বরুন্ডি, সিশেলস এবং মরিশাস ফুটবল দলের। ঢাকার মাঠে আফ্রিকান এই তিন দলের মধ্যে দুই দল মরিশাস এবং বুরুন্ডি আজ মাঠে নামবে বিকাল ৫টায়। আফ্রিকান ফুটবল দলগুলোকে নিয়ে ফুটবল মহলে নানা কথা উঠছে। তবে ফিফার র্যাংকিংয়ে আজকের ম্যাচের এই দল মরিশাস (১৭২) এবং বরুন্ডি (১৫১) বাংলাদেশের (১৮৭) চেয়েও অনেক ওপরে। এই দুই দল আজ মাঠে নামবে।

বুরুন্ডির কোচ ফ্রান্সিস জানিয়েছেন তাদের তরুণ ফুটবলারদের নিয়ে গড়া দলটি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে নিজেদের সেরাটা দেখাতে চায়। তরুণ ফুটবলাররা নিজেদের পারফরম্যান্স তুলে ধরতে মরিয়া। তিনি জানিয়েছেন দক্ষিণ এশিয়া অঞ্চলে খেলার অভ্যাস না থাকলেও দুই বছর আগে ভারতে খেলে গিয়েছে তাদের দল। এই কোচ জানিয়েছেন একাধিক ফুটবলার রয়েছে যারা পেশাগত কাজের কারণে আসতে পারেননি।

খুব একটা বেশি অনুশীলন করতে পারেনি মরিশাস ফুটবল দল। বাংলাদেশের ফুটবলে এই নামটি নতুন। অনেকেই এই নামটা জানলেও হয়তো খেলা দেখা হয়নি। কর্মকর্তারা জানালেন আমরা আফ্রিকা অঞ্চলে ফুটবল খেলি। এত দূরের দেশে আসা হয় না বলে আমাদেরকে অপরিচিতই মনে হচ্ছে। খেলতে শুরু করলে সবাই জানবে।