ফরিদপুর-৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে ত্রিমুখী। তুমুল ভোটযুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে হারে কে জিতে তা এখনো বলা যাচ্ছে না।

গত পাঁচ বছরে বর্তমানে স্বতন্ত্র প্রার্থী এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এলাকার উন্নয়ন এবং মূল্যায়নের দিক দিয়ে এগিয়ে রয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগ মনোনীত নৌকার মহাজোট প্রার্থী কাজী জাফরউল্লাহ গত সংসদ নির্বাচনে পরাজয় বরণ করার কারণে তিনিও আসনটি উদ্ধারের জন্য শক্ত করে হাল ধরেছেন। গণসংযোগ ও উঠান   বৈঠকে তিনি এবার আটঘাট বেঁধে নেমেছেন। অপরদিকে সাধারণ ভোটাররা মনে করেন গত সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন না করায় স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে জয় পায়। তবে এবার একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ঐক্যজোটের ধানের শীষ মার্কায় একক প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম ভোটের হিসেবে জোরদার প্রার্থী। তাদের দল ও জোটের ভোটাররা যদি ভোট দেয়, তাহলে অনেক হিসাব-নিকাশ উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আ. হামিদ (হাত পাখা) এবং বাংলাদেশ কমিউনিস্ট পাটির প্রার্থী আতাউর রহমান কাস্তে প্রতীক নিয়ে লড়ছেন। নদী ভাঙনকবলিত তিনটি উপজেলার ভোটার চান- যে প্রার্থী এলাকার জনগণের আপদ-বিপদে পাশে থাকবে, উন্নয়ন ও নদী ভাঙনের স্থায়ী সমাধান এবং কৃষকদের সার্বিক উন্নয়ন করবে, তেমন প্রার্থীকে জয়ী করতে।