ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার পর প্রথমবারের মতো গতকাল তিনি নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গতকাল বুধবার দুপুর আড়াইটায় ডাকসুর প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ রুমের তালা খুলে দিয়ে নুরকে চাবি বুঝিয়ে দেন। এর আগে হামলার ঘটনার তদন্তের জন্য চাবি দেয়নি কর্তৃপক্ষ।
নুর বলেন, ডাকসুতে হামলার তদন্ত চলছে বলে শুনছি অনেক দিন ধরে। কিন্তু সে তদন্তের শেষ কোথায় আজও জানি না। তদন্ত কমিটি আমাকে ডেকেছিল। আর আজ রুমের চাবি দেওয়া হয়েছে। তাছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সব সময় বিমাতাসুলভ আচরণ পেয়ে থাকেন বলে অভিযোগ করেন তিনি। গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এ সময় তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েক জন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।
