ওয়ান স্টপ সেবায় যুক্ত হচ্ছে আরো ১১ সেবা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:২৪

ব্যবসায়-বাণিজ্যে সহায়তার ক্ষেত্রে আরো গতি আনতে নতুন করে ১১টি সেবা ওয়ান স্টপ সেবার আওতায় আসতে যাচ্ছে। পাঁচটি সংস্থার মাধ্যমে এসব সেবা দেওয়া হবে। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) পাঁচটি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ থেকে সুরক্ষা ছাড়পত্র, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তরের মাধ্যমে আইআরসি (আমদানি নিবন্ধনকরণ সনদপত্র), ইআরসি (রপ্তানি নিবন্ধনকরণ সনদপত্র) ছাড়াও এগুলোর নবায়নে ওয়ান স্টপ সেবা দেওয়া হবে। এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে জমি ব্যবহার সংক্রান্ত ছাড়পত্র প্রদান, পরিকল্পনা অনুমোদন, বড়ো ও বিশেষায়িত প্রকল্পের ছাড়পত্র প্রদান, দখল সনদ জারি করা ছাড়াও বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড এবং ডেসকোর (ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি) মাধ্যমে নতুন বিদ্যুত্ সংযোগে ওয়ান স্টপ সেবা দেওয়া হবে। এর আগে ১৮ ধরনের ওয়ান স্টপ সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছিল বিডা।

বাংলাদেশে ব্যবসায়-বাণিজ্য ও বিনিয়োগ শুরু করাসহ সার্বিক কার্যক্রমে অনেক সময় চলে যায় এবং এতে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ। এর প্রমাণ মেলে বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকেও। যদিও বিশ্বব্যাংকের এ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। তা সত্ত্বেও এই সূচকে এখনো বাংলাদেশের অবস্থান ১৯০টি দেশের মধ্যে ১৬০ এর মধ্যে। ব্যবসায় শুরু করা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনেক দেরি হওয়া, বাড়তি অর্থ ব্যয় করতে বাধ্য হওয়ায় ব্যবসায়ের ব্যয় বেড়ে যাওয়ার অভিযোগও রয়েছে। ফলে দেশের প্রত্যাশিত স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ আসছে না বলে বিনিয়োগকারীদের অভিযোগ। এ সমস্যা সমাধানে সরকার কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডার উদ্যোগে ব্যবসাকে সহজ করতে ওয়ান স্টপ সেবা সংক্রান্ত আইন করা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসায় সংক্রান্ত সেবাগুলো সহজে দেওয়া হবে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পাশ হওয়া ওয়ান স্টপ সার্ভিস আইনের আলোকে গত বছরের ফেব্রুয়ারি থেকে ১৮টি খাতে এ সেবা চালু করেছে।

এগুলো হলো শিল্প প্রকল্পের নিবন্ধকরণ, শাখা বা প্রতিনিধি অফিস খোলার অনুমতি, এ ধরণের অনুমতি বর্ধিত করা, বাতিল কিংবা সংশোধ করা, ভিসার সুপারিশ ও সংশোধন, ওয়ার্ক পারমিট দেওয়া, বাড়ানো কিংবা বাতিল করা, রেমিট্যান্স অনুমোদন, আরজেএসসির মাধ্যমে নাম ছাড়পত্রের সনদ, কোম্পানি নিবন্ধন করা, এনবিআরের মাধ্যমে টিআইএন (করদাতা সনাক্তকরণ নম্বর) সনদ এবং সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ওয়ান স্টপ সেবা প্রদান করা হচ্ছে।