উন্নত ঢাকা গড়ার অঙ্গীকার তাপসের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০০:৩৪

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচারণা। গতকাল বুধবার দিনভর রাজধানীর কদমতলী-শ্যামপুর এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর ফার্মগেট, ঢাকা ১২ আসনের অন্তর্ভুক্ত ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ডের হলিক্রস স্কুল গলি, ছাপড়া মসজিদ, তেজকুনিপাড়া, লুকাসের মোড়, রেলগেট, নাবিস্কো, বেগুনবাড়ি ও তেজগাঁও এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে নৌকার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

সরস্বতী পূজা এবং সিটি ভোট একদিনে হওয়ায় হিন্দু ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চারের প্রেক্ষাপটে তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন শেখ ফজলে নূর তাপস। কদমতলী-শ্যামপুরে পথসভায় সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তাপস বলেন, এখন যেহেতু নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, সেহেতু আমার নির্বাচনি প্রচারণা চালিয়ে যেতে হবে। আমি আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবে।’

শেখ ফজলে নূর তাপস বলেন, গত পাঁচ দিন ঢাকাবাসীর কাছ থেকে আমরা গণসংযোগে ব্যাপক স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি পাঁচভাবে বিভক্ত করে, ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় হবে। আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকে কাজ আরম্ভ করব এবং উন্নত ঢাকা গড়ে তুলব। আচরণবিধি লঙ্ঘন নিয়ে এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘কোনো ধরনের কাজে যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় সেজন্য আমাদের মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। সেদিকে আমরা খুব সজাগ ও সতর্ক দৃষ্টি রাখছি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক তাজউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন এ সময় তাপসের সঙ্গে ছিলেন।

রাজধানীর ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনে সকাল ১০টা থেকে পিকআপ ভ্যানে সাউন্ডবক্সে আওয়ামী লীগের নির্বাচনি ‘থিম সং’ বাজতে থাকে। দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন বিরতিহীনভাবে। আর নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আসা ফার্মগেট ও তেজগাঁও এলাকার আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মী, অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড়দের গাড়িতে বন্ধ হয়ে যায় ফার্মগেটের এই জায়গা। সমাবেশে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘বাসমালিকদের সঙ্গে বসে বাসের রুট ঠিক করার কাজ করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আপনাদের নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর ঢাকা শহর গড়ে তুলব। ঢাকা শহরের জলাবদ্ধতা আমাদের আরেকটি চ্যালেঞ্জ। জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি, পর্যায়ক্রমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করতে পারব।’ ফার্মগেট-কুনিপাড়া এলাকার এই প্রচার সমাবেশে অংশ নেন অভিনেতা রিয়াজ, অভিনেত্রী বাঁধন, টেনিস তারকা জোবেরা রহমান নিলু, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, ফুটবলার কায়সার হামিদসহ আরো কয়েকজন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব। আল রাজী হাসপাতালের সামনে এ সমাবেশের সময় এর প্রবেশপথ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এখানে স্থানীয় কাউন্সিলর শামীম হাসান আছেন। তিনি এখানে সমাবেশের ব্যবস্থা করেছেন। আর আমরা এখানে সারাক্ষণের জন্য সমাবেশ করছি না।’