লতিফ সিদ্দিকীর বাসায় পুলিশের অভিযান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০০:৪৯

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বেসরকারি খাতের এবি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় ব্যাংক মামলা করলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ গতকাল বুধবার গুলশানে তাদের বাসায় হানা দেয়, তবে আসামিদের গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, এবি ব্যাংক লিমিটেড, কাওরান বাজার শাখার ঋণখেলাপি ধলেশ্বরী লিমিটেডের পরিচালক লায়লা সিদ্দিকী লতিফ সিদ্দিকীর স্ত্রী। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অনিক সিদ্দিকী, পরিচালক রাইনা ফারজিন উভয়েই লতিফ সিদ্দিকীর সন্তান। একইসঙ্গে লায়লা সিদ্দিকী মেজেস্টিকা হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং তার ছেলে ও মেয়ে এই প্রতিষ্ঠানের পরিচালক।

উভয় প্রতিষ্ঠান ব্যাংকটির ঐ শাখা থেকে ঋণ গ্রহণ করে। পরবর্তী সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংক আদালতে মামলা করে। ম্যাজিস্ট্রেট গত ২ ডিসেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানা নিয়ে গুলশান থানার পুলিশ আসামিদেরকে গ্রেফতার করতে গতকাল তাদের ব্যাংকের কাছে বন্ধক দেওয়া গুলশান-১ এর বাড়ি নম্বর ৮-এ অভিযান চালায়।

উল্লেখ্য, ধলেশ্বরী লিমিটেড এবং মেজেস্টিকা হোল্ডিং লিমিটেড উভয় প্রতিষ্ঠানের কাছে এবি ব্যাংক, কাওরান বাজার শাখার মোট ৫৫ কোটি ৬২ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে। এছাড়া সরকারি খাতের জনতা ব্যাংক এবং বেসরকারি খাতের পদ্মা ব্যাংকেও (সাবেক ফারমার্স ব্যাংকের) তাদের খেলাপি ঋণ রয়েছে।