যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য চুক্তি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০১:০৫

দীর্ঘ প্রায় দুই বছরের বাণিজ্য যুদ্ধের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল হোয়াইট হাউজে চীনের ভাইস প্রিমিয়ার ও বাণিজ্য নিয়ে প্রধান সমঝোতাকারী লিউ হি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গতকালের চুক্তিটি প্রথম ধাপের। চীন প্রথম বছরে মার্কিন কৃষি পণ্য দ্বিগুনেরও বেশি আমদানি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। খবর সিএনএনের

প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছিল যার প্রভাব বিশ্বজুড়ে পড়ছিল। দুই দেশ একে অপরের পণ্যে শুল্ক বাড়িয়েছে। গতকাল চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আজ আমরা ভুল পথ থেকে সঠিক পথে ফিরে এসেছি। এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে। গতকাল হোয়াইট হাউজের ইস্ট রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি চিঠি পড়ে শোনান লিউ হি। চিঠিতে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এই চুক্তি চীন ও যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের জন্য মঙ্গলজনক হবে। চুক্তিটি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান করবে বলেও আশা প্রকাশ করেন শি জিনপিং। তিনি আরো আশা করেন, যুক্তরাষ্ট্র চীনা কোম্পানিকে গুরুত্ব দেবে।

৮৬ পৃষ্ঠার চুক্তি অনুযায়ী, চীন যুক্তরাষ্ট্র থেকে প্রথম বছরে সাড়ে ১২ বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনবে। দ্বিতীয় বছরে এর পরিমাণ হবে ১৯ দশমিক ১ বিলিয়ন ডলারের। চীনের এই প্রতিশ্রুতি মার্কিন কৃষি পণ্য ক্রয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আগে ২০১৭ সালে চীন যুক্তরাষ্ট্র থেকে ২৪ বিলিয়ন ডলারের কৃষি পণ্য ক্রয় করেছিল।