নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির ভুয়া প্রার্থী আটক

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:১০

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

১১তম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের প্রতীক লাঙ্গলসহ পোস্টারিংয়ের অভিযোগে বৃহস্পতিবার রাতে ডিমলায় এক ভুয়া প্রার্থীকে আটক করেছে পুলিশ।

ওইদিন ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের পিয়ারুল ইসলাম বাবুকে তার নিজবাড়ি থেকে আটক করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের ছবি ও লাঙ্গল প্রতীকসহ নিজের ছবিযুক্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনা ছাড়া পোস্টার ও লিফলেট প্রকাশ করেন পিয়ারুল ইসলাম বাবু। এ ব্যাপারে ডিমলা উপজেলা জাপা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু বাদী হয়ে ডিমলা থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে ডিমলা থানার এসআই আবুল কালাম আজাদ তাকে আটক করেন।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী না হয়েও নিজেকে প্রার্থী দাবি করে প্রচারণা চালানোয় ওই ব্যক্তিকে আটক করা হয়।

প্রসঙ্গত, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।