নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের নির্বাচনকে আওয়ামী লীগ তাদের জন্য মর্যাদার লড়াই হিসেবে দেখছে। অন্যদিকে বিএনপি কাজ করছে আসন পুনরুদ্ধার করতে।
আওয়ামী লীগ নেতারা বলেছেন, দীর্ঘ ৩৫ বছর পর যে আসনটি উদ্ধার করা হয়েছে, সে আসনটি ধরে রেখে এর মর্যাদা রক্ষা করাই এখন প্রধান কাজ। এখন সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন দুইবারের এমপি ও এবারও মহাজোট প্রার্থী আফজাল হোসেন এমপি। তিনি বলেন, তৃণমূলের সবাই নৌকার পক্ষে কাজ করছেন। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আশা করছি ৩০ ডিসেম্বর জনগণ নৌকায় ভোট দিয়ে জয় এবারও নিশ্চিত করবে।
অন্যদিকে হারানো আসনটি উদ্ধারে মরিয়া বিএনপি। দলে এবারই প্রথম ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল। প্রার্থী হিসেবে নতুন হলেও দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কাজ করে যাচ্ছেন।
এই আসনে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ প্রার্থী মো. আফজাল হোসেন এমপি, বিএনপি প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. ফরিদ আহাম্মদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খন্দকার মোছলেহ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহীম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সেলিনা সুলতানা এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহ আলম।
