শীতের ভোরে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:৫৩

 

শীত এসেছে শিশিরকণায় হেমন্তকাল শেষে

ঘোর কুয়াশা ছড়িয়ে পড়ে হাওয়ায় ভেসে ভেসে

সকালবেলা কুয়াশাতে যায় ঢেকে যায় মাঠ

যায় না চেনা দূরের কিছু পুকুর কিবা ঘাট।

 

মাঠ ভরে যায় শর্ষে ফুলে সূর্যমুখী ফোটে

মধুর খোঁজে মৌমাছিরা ফুলে ফুলে জোটে

গোলাপ, গাঁদা, জু্ঁই, চামেলি শীতে ফোটা ফুল

শিমের লতায় ফুল ফুটেছে দেখতে কানের দুল।

 

টুনটুনিটা ডাক দিয়ে যায় শিমের পাতার ফাঁকে 

চঞ্চুতে জল ছিটায় শালিক ছোট্ট নদীর বাঁকে

নদীর বাঁকে বেতের ঝোপে শিস দিয়ে যায় দোয়েল

শীতের ভোরে মিষ্টি রোদে গান ধরেছে কোয়েল।