পর্ণমোচী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:০১

 

বৃষ্টি তো গেছে বেশ কিছুদিন হয়

উধাও অলখে জলের হাওয়াই কণা

গভীর নিবিড়ে ফুরিয়েছে সঞ্চয়

গোড়ায় জড়িয়ে দাঁতাল শীতল ফণা।

 

সবুজ ডগায় উঠেছে নাভিশ্বাস

হলদে বরণ রাঙিয়েছে আয়োজন

শীর্ণশাখায় টানাটানি ফিসফাস

ঝুরমর্মরে ফুরায়  দিনযাপন।

 

মুগ্ধ পায়েরা দলে যায় ঝরাপাতা

ঝাঁকের পাখিরা আনে বেগানার বীজ

মালিদের চোখে কুয়াশা রচেছে ধাঁধা

বৈশাখ এলেই আজগুবি উদ্ভিদ।

 

আমাদের ঝরা অদ্ভুত এক শীতে

শত বসন্তে রয়েছি অপুষ্পিত

পোকায় ধরেছে বোধিবৃক্ষের ভিতে

বনসাই-মন কুহুতান-বিরহিত।

 

বলাকা তথাপি ছড়ায় আমন্ত্রণ

বন্ধ্যা সাঁঝেও ধরিত্রী ঋতুমতী

নষ্ট আঁধার বাড়ায় আলিঙ্গন

উত্সব-আড়ালে ঝরছে পর্ণমোচী।