শেরপুর-৩ আসনে গণসংযোগে এগিয়ে চাচা, মাঠে নেই ভাতিজা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:১২

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে প্রচার-প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী বর্তমান সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন। তবে প্রচারে উল্লেখযোগ্যভাবে মাঠে নেই প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনের ভাতিজা ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দ পাওয়ার পর আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীকে সমানতালে গণসংযোগে ব্যস্ত সময় পার করার বিষয়টি লক্ষ্য করা গেলেও বর্তমানে প্রচার-প্রচারণায় বিএনপি প্রার্থীকে মাঠে তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রচার-প্রচারণায় তারা গ্রহণ করেছে ভিন্ন কৌশল। সভা-সমাবেশ না করে বাড়ি বাড়ি গিয়ে নেতা-কর্মীরা ভোট প্রার্থনা করছেন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী ও প্রশাসনসহ দলীয় নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গণসংযোগ চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন। রুবেল বলেন, যেকোনো মুহূর্তে আমি নিজেও খুন, গুম হওয়ার আশঙ্কায় রয়েছি। নেতা-কর্মীদের ভয়-ভীতিসহ তাদের নামে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা।

এদিকে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনও সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন ধানের শীষ প্রার্থী মাহমুদুল হক রুবেল ও বিএনপির নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তার নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। যেকোনো মুহূর্তে তার ওপর আক্রমণ হতে পারে এমন আশঙ্কাও করেন তিনি।