আবহাওয়া

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:০৩

 

দুপুরের নিরপেক্ষ আকাশ সন্ধ্যায় ঘন জলদজালে ছাওয়া।

জালের প্রতিটি গ্রন্থিদেশে জ্বলে-নেভে বিন্দুবিদ্যুত্, ফোঁটা-ফোঁটা—

আশুরার অনেকটা অপ্রস্তুত অস্থির আলোকসজ্জার মতো।

 

অভিজাত বিশেষ্য যখন পড়ে নাম প্রকাশের বিড়ম্বনায়

তখনই এগিয়ে আসে শাদামাটা সর্বনাম,

ছোট ছোট আয়তাকার ঢেউ, সুষম রোদ্দুর, ঘন প্রান্তিক জ্যোত্স্না।

 

দেশ জুড়ে দুষ্পাঠ্য কুয়াশাছক। ছকের আড়ালে

হালকা জলছাপের মতন

জেগে থাকে পরিস্থিতি, ভবিতব্য ও গার্হস্থ্য ক্রিয়াপদগুলি।