মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন ইয়াসির আজমান। তিনিই এই পদে প্রথম বাংলাদেশি। গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ইয়াসির আজমানকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সিইও পদে নিয়োগ দিয়েছে বলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তার পদে আসার আগে তিনি ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের সিএমও এবং ২০১৭ সালের মে মাস থেকে ডেপুটি সিইও ও সিএমওর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ইয়াসির আজমান গ্রামীণফোনের বর্তমান সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন।
