দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হেরেছিল সফরকারী ইংল্যান্ড। সেই হারের পর দ্বিতীয় টেস্টে দারুণ এক জয়ে ফিরে এসেছে তারা। গতকাল শুরু হওয়া তৃতীয় টেস্টেই সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ। পোর্ট এলিজেবেথে গতকাল তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড। এই ম্যাচ দিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করল ইংলিশরা। প্রথম দল হিসেবে বিদেশের মাটিতে ৫০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করল ইংল্যান্ড। এর আগে গেল ২০১৮ সালে বার্মিংহামে ভারতের বিপক্ষে বিশ্বের প্রথম দল হিসেবে টেস্টে ১ হাজার ম্যাচ খেলেছিল ইংলিশরা। এর আগে বিদেশের মাটিতে ৪৯৯ ম্যাচে অংশ নিয়ে ১৪৯টি জয়, ১৮২টি হার ও ১৬৮টি ড্র করে ইংল্যান্ড। আর দেশের মাটিতে ৫২১ ম্যাচে অংশ নিয়ে ২২০টি জয়, ১২২টি হার ও ১৭৯টি ড্র করে ইংলিশরা।
