কালুরঘাট সেতু চাই

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৫৪

বোয়ালখালিবাসীর দীর্ঘদিনের চাওয়া দ্বিতীয় কালুরঘাট সেতু নির্মাণ। দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি এটি। কিন্তু এই স্বপ্ন অজানা কোনো এক কারণে যেন বারবার হোঁচট খাচ্ছে। ব্রিটিশ আমলে নির্মিত প্রায় ৯৯ বছরের পুরনো জরাজীর্ণ কালুরঘাট সেতুটির এখন মরণদশা। পাটাতন খুলে এবড়োখেবড়ো অবস্থা। গাড়ি চললে মনে হয় সেতুটি কাঁপছে শত বছরের বার্ধক্য নিয়ে। অথচ এর ওপর দিয়েই প্রতিদিন যাতায়াত করছে প্রায় লক্ষাধিক মানুষ। কখন যে দুর্ঘটনা ঘটবে তা কেউ জানে না। এর ওপর আবার রেল চলাচল করছে দিনে দুবার। একলাইনে গাড়ি চললে অপর লাইনটি থামিয়ে দিতে হয়। সেতুটির কারণে বোয়ালখালি থেকে আগত লোকজন প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে। মাননীয় সাংসদ তাঁর নির্বাচনী ইশতেহারে এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাংসদের পাশাপাশি মাননীয় সেতু মন্ত্রীর প্রতি বিনীত আবেদন তিনি যেন একবার সেতুটি সরেজমিনে এসে দেখে যান—জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে মানুষ দিনের পর দিন এর ওপর দিয়ে চলাচল করছে। অতঃপর এ সেতুর জন্য মাননীয় মন্ত্রীর যথাযথ পদক্ষেপ আশা করছি।

সিরাজুল মুস্তফা

চট্টগ্রাম