বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মাজেদা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ সময় কোরআনখানি, দোয়া-মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
বরিশাল : বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের দাতা জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির মাতা মরহুমা মাজেদা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার কলেজে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আবুল কাসেম। আলোচনা সভায় বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক মো. নাসিরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক শিবানী চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুছ ছালাম। এ সময় কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) :ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে হামদ, নাত, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মরহুমার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজশিক্ষক মো. আমিন খান। আলোচনা সভায় মাজেদা বেগমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী অধ্যাপক জাকির হোসেন খান, হাসিনা বেগম, খায়রুন নাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার, প্রভাষক মুরাদ হোসেন জাহিদ, মো. ওমর ফারুক ও ওসমান গনি প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মহীয়সী নারী মাজেদা বেগম ছিলেন একজন, সত্, দক্ষ এবং নারী বান্ধবব্যক্তিত্ব।
শরীয়তপুর : স্থানীয় প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাক-এর শরীয়তপুর প্রতিনিধি ও জেলা প্রেস ক্লাব সভাপতি অনল কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি মির্জা হজরত আলী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কালাই (জয়পুরহাট) : এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কালাই দৈনিক ইত্তেফাক-এর অফিসে কালাই উপজেলার তফাজ্জল হোসেন মানিক মিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের কালাই উপজেলার সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভা শেষে মাজেদা বেগমের রুহের মাগফিরাত এবং মরহুমার কনিষ্ঠ পুত্র আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের সব কর্মকর্তা-কর্মচারীসহ দেশ ও জাতির মঙ্গলের উদ্দেশ্যে দোয়া করা হয়।
