কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বুধবার বিকালে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে মারধরে আহত শিক্ষার্থী মোহাম্মদ রুবেল বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাসির হুসেইনকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান ও প্রভাষক মো. রবিউল আলমকে সদস্য করে ঐ কমিটি গঠন করা হয়।
গত সোমবার বিকালে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নৃ-বিজ্ঞান বিভাগের সামনে অজ্ঞাত কয়েকজন যুবক রুবেলকে মারধর করে। পরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়। অবস্থা আশঙ্কাজনক হলে সেখান থেকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রক্টর কাজী মোহাম্মদ কামালউদ্দিন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেব।
রেজিস্ট্রার অধ্যাপক আবু তাহের বলেন, উপাচার্যকে বিষয়টি জানিয়ে রাখছি। সামনে সমাবর্তন, এমন সময় এ ঘটনা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।
