লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২৮

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা করেছে একটি ডায়াগনস্টিকের কর্মচারীরা। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন। দুই জনকে আটক করা হয়েছে। জানা গেছে, সাংবাদিক আহম্মদ আলী, তার স্ত্রী নারগিস আক্তার ও শিশু সন্তান আপনান আহত হয়। পরে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ফেয়ার ডায়গনস্টিক সেন্টারের দুই কর্মচারীকে আটক করে। এ সময় মালিক ফরহাদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেকসহ ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও  জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শিবলু ও বোরহান উদ্দিন সবুজ নামের দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আহত সাংবাদিক আহম্মদ আলী বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।