দোষ স্বীকার করে জবানবন্দি মজনুর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২২:৪৯

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার ‘সিরিয়াল  রেপিস্ট’ মজনু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার স্বেচ্ছায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে ৯ জানুয়ারি তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে অনুমতি দেয় আদালত।

গত রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ঐ ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলায় নামার পর তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ঐ শিক্ষার্থী সিএনজি অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঐ ঘটনায় সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

র?্যাব জানিয়েছে, ‘গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু নিজেই স্বীকার করে সে একজন সিরিয়াল রেপিস্ট।’ গ্রেফতার মজনুকে নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে র?্যাব জানায়, ‘মজনু মাদকাসক্ত। তার বাড়ি হাতিয়ায়। তিনি এর আগেও একই এলাকায় ভিক্ষুক ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যেদিন ধর্ষণের শিকার হয়েছিলেন, সেদিনের ঘটনায় র?্যাব জানায়, সেদিন মজনু অসুস্থতার কারণে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়েছিল। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐ ছাত্রীকে দেখে এবং তাকে ধর্ষণ করার জন্য টার্গেট করে। কয়েক বছর আগে মজনু বিয়ে করেছিল, তার স্ত্রী মারা গেছেন। পেশায় হকার মজনু চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে জানিয়েছে র্যাব।