চেক প্রজাতন্ত্রে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৩

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:২২

রয়টার্স ও আল জাজিরা

চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে ১৩ খনি শ্রমিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন পোলিশ ও দুইজন চেক প্রজাতন্ত্রের নাগরিক। রাষ্ট্র পরিচালিত ওকেডি কোম্পানির তরফ থেকে শুক্রবার এ কথা বলা হয়েছে।

ওকেডি কোম্পানি জানিয়েছে, কয়লা খনির ৮শ মিটার নিচে মিথেন গ্যাসের বিস্ফোরণে কয়েক জায়গায় ধসের সৃষ্টি হয়েছে। খনিটি কারভিনা শহরের কাছে অবস্থিত। ওকেডির মুখপাত্র চেলিচোভিস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় মোট ১৩ খনি শ্রমিক নিহত হয়েছে। ১৯৯০ সালের পর এটি বড় ধরনের আরেকটি মারাত্মক খনি দুর্ঘটনা। সে সময়ে ৩০ জন খনি শ্রমিক নিহত হয়েছিল। ওকেডি আরো জানায়, পর্যাপ্ত আলোর অভাবে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। এছাড়া সেখানে এখনো আগুন জলছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বোলস্লাভ কোয়ালিক জানিয়েছেন, প্রতিকূল অবস্থা চলতে থাকলে তারা তাদের উদ্ধার কাজ বন্ধ করে দিতে বাধ্য হবেন। কেননা আগুনের কারণে উদ্ধার কর্মীরা সামনের দিকে এগোতে পারছেন না। তিনি বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কর্মীরা খনির অভ্যন্তরে যতটুকু যেতে পেরেছেন তার পরে এগিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য। কিন্তু তারপরও আমরা আশা ছেড়ে দেইনি। আমরা আশা করছি পরিস্থিতি ভালো হলে তল্লাশি অভিযান আরো জোরেশোরে চলবে।