আন্তর্জাতিক তিমি শিকার কমিশন (আইডব্লিউসি) থেকে বেরিয়ে গিয়ে বাণিজ্যিকভাবে তিমি শিকারে নামার পরিকল্পনা করেছে জাপান। গণমাধ্যমের খবরে একথা জানানো হয়েছে।
জাপান সরকার এমপি’দেরকে এ সিদ্ধান্ত জানিয়েছে বলে খবর দিয়েছে দেশটির এনএইচকে টিভি চ্যানেল। তবে সরকারিভাবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। তিমি প্রায় বিলুপ্তির পথে চলে যাওয়ায় আইডব্লিউসি ১৯৮৬ সালে তিমি শিকারের ওপর বিশেষ নিষেধাজ্ঞা জারির পর জাপানে বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ হয়। কেবলমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য তিমি শিকারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও জাপান বহু বছর ধরে বৈজ্ঞানিক গবেষণার আড়ালে বাণিজ্যিকভাবে মাংস বিক্রির জন্য তিমি শিকার করেছে বলে সমালোচিত হয়েছে। তবে জাপানের যুক্তি হচ্ছে, তিমি তাদের খাবারের এক অন্যতম উত্স। জাপানের উপকূলীয় এলাকাগুলোতে বাস করা মানুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে তিমি শিকার করে আসছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে তিমির মাংস প্রধান খাবার হয়ে ওঠে। জাপানের গণমাধ্যমগুলো এখন ফলাও করে বাণিজ্যিক তিমি শিকারে নামার খবর প্রচার করছে।
