সাতকানিয়া ও লোহাগাড়ায় পাঁচ এক্সকাভেটর জব্দ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫৩

কৃষিজমির মাটি কেটে বিক্রি

দুইজনকে জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে টপসয়েল কাটার দায়ে দুটি ডাম্পারসহ চালককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিকল করে দেওয়া হয়েছে মাটি কাটায় ব্যবহূত চারটি স্কেভেটর। জরিমানা আদায় করে ট্রাক ও চালকদের ছেড়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঢেমশা ইউনিয়নের নলিবিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার অফিস সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে দুটি ডাম্পারসহ উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ব্যবসায়ী পাড়া এলাকার আলী আহমদের ছেলে আবদুচ ছবুর (৩৫) ও একই এলাকার আবু তাহেরের ছেলে মো. মহিউদ্দীন (২৮) নামের দুই চালককে আটক করা হয়। পরে উভয়ের কাছ থেকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ডাম্পার ও চালকদের ছেড়ে দেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এক্সকাভেটর ও ডাম্পার জব্দ

এদিকে লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান হিন্দুরহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় একটি এক্সকাভেটর ও একটি ডাম্পট্রাক জব্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে এক্সকাভেটর ফেলে পালিয়ে যান শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ ঐ এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করেন। জব্দকৃত এক্সকাভেটর ও ডাম্পার উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কলাউজান লেইঙ্গা পুকুরপাড় এলাকায় জনৈক ড্রাইভার দেলোয়ার এক্সকাভেটর দিয়ে কৃষিজমির টপসয়েল কাটছেন। তবে তাকে না পাওয়ায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, উপজেলায় প্রতিনিয়ত কৃষি জমির টপসয়েল কাটা হচ্ছে। এসব টপসয়েল ইটভাটায় ও বিভিন্ন স্থাপনা ভরাটের কাজে ব্যবহার হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর ও একটি ডাম্পার ট্রাক জব্ধ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।