চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে অবস্থিত তথ্য সেবা কেন্দ্রটি ইউনিয়নের সীমানা এলাকায় অবস্থিত হওয়ায় সেবা নিতে বিভিন্ন ওয়ার্ডের মানুষকে যাতায়াতে বাড়তি সময় ও ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগে জানা যায়। চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন সংগ্রহ করতে গিয়ে অধিকাংশ বাসিন্দাকে যাতায়াতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তথ্য সেবা কেন্দ্র থাকার কথা থাকলেও হাশিমপুর ইউনিয়ন পরিষদে সেই ব্যবস্থা নেই। ভুক্তভোগী মো. হাছান জানান, একটি সনদ আনতে দুদিন যেতে হয়েছে। এত দূরের পথ যাওয়া-আসা করে আর কোনো কাজ করার সুযোগ থাকে না। তথ্যকেন্দ্রটি ইউপি কার্যালয়ে স্থাপন করা হলে সবার জন্যই সুবিধা হতো।
এ ব্যাপারে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার যথাক্রমে নজরুল ইসলাম আবদুল, ফজল করিম আয়ুব ও গোলাম নবী বলেন, আমাদের ইউনিয়নের মাঝখানে বোর্ড অফিস কিন্তু তথ্যকেন্দ্রটি ইউনিয়নের শেষপ্রান্তে অবস্থিত। দূরত্বজনিত কারণে স্থানীয় বাসিন্দাদেরকে যাতায়াতে অসুবিধা পোহাতে হচ্ছে। ইউপি চেয়ারম্যান আলমঙ্গীরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
