লোহাগড়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে জখম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫৪

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় এক নারীকে (৩৬) ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কাউড়ীখোলা-কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। পথচারীরা লোহার রড ও লাঠির আঘাতে মারাত্মক জখম ঐ নারীকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে। পথচারীরা জানায়, রাস্তার পার্শ্বে রক্তাক্ত অবস্থায় ঐ নারীকে দেখতে পেয়ে আমরা লোহাগড়া হাসপাতালে নিয়ে আসি।

কয়েকজনের নাম উল্লেখ করে ঐ নারী জানায়, কয়েকজন জোর করে ধরে বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। আমি রাজি না হওয়ায় তারা আমাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রিপন ঘোষ বলেন, ঐ নারীর মাথা অনেকখানি কেটে গেছে। ৮/১০টি সেলাই দেওয়া হয়েছে। একটি হাতও ভেঙে গেছে। অবস্থা আশঙ্কাজনক। চিকিত্সা চলছে।

 লোহাগড়া থানার ওসি (তদন্ত) মো. আমানুল্লাহ আল-বারী জানান, ঐ নারীসহ উদ্ধারকারীদের সঙ্গে কথা বলেছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।