ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে পাসপোর্ট পেতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ:ডেলিভারির নির্ধারিত দিনের আড়াই তিন মাস পরও মিলছে না পাসপোর্ট। ফলে দিনের পর দিন ঘুরতে হচ্ছে পাসপোর্ট অফিসে।
জানা যায়, ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন ৫০-৬০টি পাসপোর্ট আবেদনপত্র জমা পড়ে। ২২ দিনের মাথায় পাসপোর্ট বই ডেলিভারির তারিখ দেওয়া হয়। পাসপোর্ট গ্রাহকদের অভিযোগ: নির্ধারিত দিনে বই ডেলিভারি পাওয়া যাচ্ছে না।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান বলেন, পাসপোর্ট আবেদনপত্র জমা দেওয়ার পর ৯৩ দিন পার হলেও ডেলিভারি পাননি। অফিসে খোঁজ নিতে আসলেই বলা হচ্ছে ঢাকা থেকে বই আসেনি। ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. আজিজুল হক জানান, ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরের হেড অফিসে বই প্রিন্টিং-এ বিলম্বের কারণে ডেলিভারিতে দেরি হচ্ছে। ঝিনাইদহ অফিস থেকে পাঠানো প্রায় ৩ হাজার পাসপোর্ট বই প্রিন্টিংয়ের অপেক্ষায় আছে। শিগগিরই পাসপোর্ট চালু হতে যাচ্ছে। ই-পাসপোর্ট চালু হলে সমস্যা থাকবে না বলে তিনি জানান।
