ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও বিরূপ আবহাওয়ার কারণে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নসহ পৌরসভায় কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছে ইরি বোরোর বীজতলা। প্রায় এক মাস ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যায়নি। ঘন কুয়াশা আর কনকনে শীতে বোরো চারা বিবর্ণ হয়ে হলুদ বর্ণ ধারণ করেছে। সেই সঙ্গে বৃষ্টির মতো শিশির পড়ায় আলু ও সরিষা ক্ষেতে দেখা দিয়েছে পচন রোগ।
অনেক কৃষকের বীজতলার চারায় পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কৃষকরা বীজতলা রক্ষায় উপজেলা কৃষি অফিসের পরামর্শে সার ও বিভিন্ন কীটনাশক ব্যবহার করে আপ্রাণ চেষ্টা করছে।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন জানান, এবার ঘোড়াঘাট উপজেলা ও পৌরসভায় ৬০০ একর জমিতে কৃষকরা বীজতলা তৈরি করেছে। চলতি শীত মৌসুমে কিছু বীজতলা সামগ্রিক ক্ষতিগ্রস্ত হলেও তা সার ও কীটনাশক স্প্রে করে রিকভারি করা সম্ভব।
তিনি প্রতি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত বীজতলাগুলোতে সার ও কীটনাশক স্প্রে করার জন্য প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন ও বাস্তবায়ন করছেন। এছাড়া কুয়াশার হাত থেকে বীজতলা রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা এবং বীজতলায় সেচ দিয়ে কুয়াশা বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
