গৌরীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী তিথি নিহতের ঘটনায় চালকের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবিতে শুক্রবার বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ হয়। গৌরীপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান ‘বেসিক লার্নিং সেন্টার’ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে গৌরীপুর উপজেলা সদরে আলাদা আলাদা কর্মসূচি পালন করে। বেসিক লার্নিং সেন্টারের আয়োজনে তিথি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ধান মহালে মানববন্ধন ও সমাবেশ হয়। প্রতিষ্ঠানের পরিচালক এইচ টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউছার, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার সকালে শহরের পাটবাজার এলাকায় বালুবাহী ট্রাকের চাকায় গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তিথি পাল নিহত হয়। আহত হয় তার বান্ধবী রূপা চক্রবর্তী।
