অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:৫৮

স্কুলের সামনে হকার

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে দেদার বিক্রি হচ্ছে নিম্নমানের খাবার। অস্বাস্থ্যকর ও ভেজার খাবার খেয়ে শিশুরা পেটের বিভিন্ন সমস্যায় ভুগছে। কর্তৃপক্ষের উদাসীনতায় পার পেয়ে যাচ্ছে হকাররা। সচেতন মহলের অভিযোগ, কোমলমতি শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য বিদ্যালয়ের সামনে থেকে হকারদের দৌরাত্ম্য কমাতে প্রশাসনের প্রতি জোর দাবি জানায়।

সরজমিনে দেখা গেছে, বদলগাছী উপজেলার বদলগাছী মডেল প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেনসহ বিভিন্ন স্কুলের সামনে খোলা আকাশের নিচে বিক্রি হচ্ছে খাবার।

হকার শ্রী বাবুল কুমার মোহন্ত বলেন, স্কুল টিফিনের সময় ছাত্রছাত্রীদের কাছে মালামাল বিক্রি করে নিজের সংসার চালাই। আর খাবারগুলো আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে বিক্রি করি।

উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির বলেন, জরুরিভাবে বিষয়টি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।