আক্ষেপে পুড়ছেন আকমল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:০৭

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা না পেয়ে আক্ষেপে পুড়ছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল। তিনি টুইটারে লিখেছেন, ‘জায়গা না পেয়ে আমি খুব আহত হয়েছি। আমার হূদয় ভেঙে গেছে। সত্যি কথা বলতে, আমি এর জন্য অনেক পরিশ্রম করেছি।’ যদিও এখনই হাল ছাড়তে নারাজ তিনি। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বললেন, ‘আমি অবশ্য এখনই হাল ছাড়ব না। আরো বেশি পরিশ্রম করা চালিয়ে যাব। যারা আমার পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ।’ আকমলের মতো দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদেরও। কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক মনে করেন, সরফরাজের আশা এখনো শেষ হয়ে যায়নি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করলে আবারও তিনি জাতীয় দলের জন্য বিবেচিত হবেন।