পুরো বেতন নেননি ভালভার্দে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২২:০৯

সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দের সঙ্গে বার্সেলোনার চুক্তি ছিল ২০২১ সাল পর্যন্ত। তবে চলতি মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে মৌসুমের মাঝপথেই চাকরি হারান স্প্যানিশ এই কোচ। ক্লাব ভালভার্দের ওপর কঠোর সিদ্ধান্ত নিলেও সাবেক এই কোচ অবশ্য মহানুভবতারই পরিচয় দিয়েছেন। সাধারণত মৌসুমের মাঝপথে কোচদের ছাঁটাই করা হলে কোচেরা চুক্তির সমপরিমাণ বেতন দাবি করেন। সাবেক টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনোও ক্লাব থেকে যাওয়ার সময় শর্তসাপেক্ষে পেয়েছিলেন চুক্তির পুরো টাকাই। তবে ভালভার্দে সে পথে হাঁটেননি। কোচের আদেশমতো ক্লাবের সঙ্গে ভালভার্দের সব সম্পর্ক বন্ধুত্বপূর্ণভাবেই ছিন্ন করেন তার এজেন্ট। চুক্তির সমপরিমাণ অর্থ প্রদানের জন্য ক্লাবকে আর চাপ দেননি ভালভার্দে।